প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
তেহরানের রাস্তায় খাঁচাবন্দী ‘ট্রাম্প’কে ঘিরে দর্শনার্থীদের ভিড়

ইরানের রাজধানী তেহরানের রাস্তায় একটি ঝুলন্ত কারাগার তৈরি করা হয়েছে, যার ভেতরে আটকে রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরা এক অভিনেতাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিনব এই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রদর্শনী দেখতে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন।
তেহরানের উত্তরের অভিজাত এলাকা তাজরিশ স্কয়ারে বেশ কয়েক তলা উঁচুতে খাঁচাসদৃশ এই কারাগারটি ঝোলানো হয়েছে। খাঁচার ভেতরে থাকা ওই অভিনেতা ট্রাম্পের মতো মুখোশ, গাঢ় রঙের স্যুট ও লাল টাই পরে আছেন। তাকে খাঁচার ভেতর পায়চারি করতে বা গরাদ ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশে বসানো একটি পর্দায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে বিভিন্ন বার্তা প্রচার করা হচ্ছে।
ইরানের রাস্তায় যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণা নতুন কিছু নয়। তবে এবারের প্রদর্শনীটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছেন। এক পথচারী রসিকতা করে ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘চিন্তা কোরো না, আমরা তোমার জামিনের টাকা দিয়ে তোমাকে বের করে আনব।’ আবার অনেকে ক্ষোভও প্রকাশ করছেন। এক কিশোর চিৎকার করে বলে, ‘ট্রাম্প, এবার আমরা তোমাকে মেরে ফেলব।’
তেহরানের পৌর কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি এই প্রদর্শনী সপ্তাহে সাত দিন ও ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। কর্তৃপক্ষ জানায়, বিচারের জন্য ইরানের যে দাবি রয়েছে, তা রাজধানীর বাসিন্দাদের মনে করিয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম বাড়িয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছিলেন। এরপর থেকেই ইরান ট্রাম্পকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়ে আসছে এবং প্রতিশোধ নেওয়ার দাবি জানিয়েছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইচ্ছাকৃতভাবে স্কুল ও বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছেন। এসব হামলায় অসংখ্য নারী ও শিশু নিহত হয়েছে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।